শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ঢাবি শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রাঙ্গণে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে খেলা দেখতে গিয়ে একদল সাবেক ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে মববাজি বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, গত সপ্তাহান্তে টিএসসিতে ফ্রান্স-নরওয়ে ম্যাচ দেখার পর রাত হয়ে যাওয়ায় তারা শহীদুল্লাহ হলে খেলা দেখতে যান। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের সাবেক শিক্ষার্থী এবং এক দম্পতি। হলে প্রবেশের আগে তারা নিয়ম অনুযায়ী রেজিস্টারে নাম লিখে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, হলে প্রবেশের কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী এসে তাদের পরিচয় জানতে চান। নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার পরও তাদের সঙ্গে থাকা এক নারীকে কেন্দ্র করে আপত্তি তোলা হয়। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তারা জানালে ওই নারীও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি উপস্থিত এক শিক্ষার্থীর স্ত্রী। এরপরও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে নিজেকে হল সংসদের সমাজসেবা সম্পাদক পরিচয় দেওয়া এক ব্যক্তি এবং নিজেকে ক্রীড়া সম্পাদক পরিচয় দেওয়া আরেকজন তাদের হল থেকে বের হয়ে যেতে বলেন। ভুক্তভোগীদের দাবি, তারা বিষয়টি নিয়ে আলোচনা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের সে সুযোগ দেওয়া হয়নি এবং হল ত্যাগ করতে বাধ্য করা হয়।
পরে গেটে অবস্থানকালে খেলা আয়োজনের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে এসে জানান, অভিযুক্ত ব্যক্তিরা আয়োজক কমিটির সদস্য নন। এরপর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ঘটনাটির মধ্যস্থতার চেষ্টা করেন। ভুক্তভোগীদের দাবি, জিএস প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তবে অভিযুক্ত সমাজসেবা সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে ফোনে সংক্ষিপ্ত কথোপকথনে তিনি অভিযোগ অস্বীকার করেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ঘটনার পর ভুক্তভোগীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। বিশ্বকাপের মতো উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে যেন কোনো ধরনের মববাজি বা হয়রানি না ঘটে এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url