ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে কাচ্চির কবর আবিষ্কার!

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ঘটেছে এক ঐতিহাসিক ঘটনা। রমজানে এক কাণ্ডজ্ঞানহীন শিক্ষার্থী “একদিন পরে খাবো” বলে কাচ্চির প্যাকেট ফ্রিজে রেখে এমনভাবে গায়েব হয়েছেন, যেন তিনি ইফতারের পর সরাসরি হজে চলে গেছেন!

দীর্ঘদিন পর ফ্রিজ খুলে শিক্ষার্থীরা দেখতে পান— কাচ্চির ওপর বরফের এমন পুরু স্তর জমেছে যে প্রথমে অনেকে এটাকে “আর্কটিক অঞ্চলের নতুন হিমবাহ” বলে ভুল করেন। একজন শিক্ষার্থী তো ভয় পেয়ে বলে ওঠেন,

 “ভাই, এটা কাচ্চি না… এটা তো কাচ্চির জানাজা!”



হলের শিক্ষার্থীদের অভিযোগ, কিছু মানুষ ফ্রিজকে ব্যক্তিগত প্লট মনে করে। কেউ সপ্তাহখানেকের ভাত রেখে দেয়, কেউ আধা খাওয়া মুরগি, আর কেউ এমনভাবে খাবার জমায় যেন সামনে খাদ্য সংকট আসছে।

এক ভুক্তভোগী শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,

 “ফ্রিজ খুললে মনে হয় প্রত্নতত্ত্ব বিভাগে ঢুকছি। আজ কাচ্চি, কাল হয়তো ডাইনোসরের হাড় পাবো!”

এদিকে ঘটনার পর হল প্রশাসনের পক্ষ থেকে “ফ্রিজ দখলদার মুক্তি অভিযান” চালুর দাবি উঠেছে। শিক্ষার্থীরা বলছেন,

 “যে খাবার তিনদিনের বেশি থাকবে, তাকে হলের স্থায়ী আবাসিক ঘোষণা করা হোক!”


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url