রাঙামাটি এবং খাগড়াছড়ির দুইটি বিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রেস রিলিজ

প্রাণিবিদ্যা বিভাগ (বন্যপ্রাণী শাখা), ঢাকা বিশ্ববিদ্যালয়

 


প্রতিবছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী ব্যাঙ সংরক্ষণে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে SAVE THE FROGS! এর তত্বাবধানে পালিত হয় Save The Frogs Day. এরই ধারাবাহিকতায় ১৮তম বার্ষিক Save The Frogs Day 2026 উপলক্ষে SAVE THE FROGS! এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ–এর যৌথ উদ্যোগে বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ড. মো. মোখলেসুর রহমান এবং মো: ফজলে রাব্বী- এর নেতৃত্বে অত্র বিভাগের একদল শিক্ষার্থী দুই দিনব্যাপী রাঙামাটি এবং খাগড়াছড়ির দুইটি বিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণে সচেতনতামূলক  কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। গত ৬ মে, ২০২৬, বুধবারে রাঙামাটির বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ে এবং ৭ মে ২০২৬, বৃহস্পতিবারে খাগড়াছড়ির নুনছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়।



উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাঙের পরিচিতি, পরিবেশগত গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা, পরিবেশে তাদের বর্তমান পরিস্থিতি এবং হুমকি, এবং পরিশেষে ব্যাঙ  সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ব্যাঙ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক প্রজাতি হিসেবে বিবেচিত হয়। তাদের সংখ্যা হ্রাস পাওয়া পরিবেশের ভারসাম্যের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করে।



দুই দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হয়।


কর্মসূচির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উদ্বোধন ও সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাঙের গুরুত্ব বিষয়ে পূর্ববর্তী জ্ঞান যাচাই করা হয় এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও ব্যাঙ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 



কর্মসূচির শেষাংশে আলোচনাপরবর্তী জ্ঞান যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়, যা শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নে সহায়ক ভূমিকা রাখে।

পরবর্তীতে পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সর্বশেষে সমাপনী ঘোষণার মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে, যেখানে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়ই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই মর্মে অঙ্গীকারবদ্ধ হন যে, তারা প্রকৃতির বন্ধু ব্যাঙকে রক্ষা করবেন। উল্লেখ্য যে, এ বছর SAVE THE FROGS! থেকে বিভাগের মাস্টার্সের (বন্যপ্রাণী) শিক্ষার্থী মেহেদী হাসান তারেক ব্যাঙ সংক্রান্ত গবেষণা এবং সচেতনতার জন্য ফেলোশিপ পেয়েছেন।



উক্ত উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন।

এর পাশাপাশি উক্ত এলাকার ব্যাঙের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুই দিন নাইট ফিল্ড সার্ভে করেন, যেখানে বিভিন্ন প্রজাতির ব্যাঙের দেখা পাওয়া যায় এবং ব্যাঙের বিভিন্ন হুমকি যেমন প্লাস্টিক, পলিথিন প্রভৃতি চোখে পড়ে। তারা এ ব্যাপারে স্থানীয়দের সতর্ক করেন। 



এছাড়াও, উক্ত কর্মসূচিগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদে ধীরে ধীরে বন্যপ্রাণীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানুষ-বন্যপ্রাণী সহাবস্থান ভবিষ্যতে নিশ্চিত করবে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url